বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমত্কার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভৌগোলিক সুবিধা, উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে প্রতিবেশী দেশ দু’টির মধ্যে বাণিজ্য বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন,‘ এই অমিত সম্ভাবনাকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করা প্রয়োজন।’ এক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলীয় চেম্বারগুলোর সঙ্গে বিজনেস টু বিজনেস সম্পর্ক বৃদ্ধি ও সমঝোতা স্মারক করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা প্রচুর।
তিনি শনিবার দুপুরে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ড রুমে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্কালে এ কথা বলেন।
সভাপতির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। তিনি বলেন, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস স্থাপিত হওয়ায় ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি, সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান জামিল, মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, ভারতীয় হাইকমিশনের বাণিজ্যিক প্রতিনিধি শিশির কোঠারী ও ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের অ্যাটাশে সঞ্জীব কুমার।