পপি-শুভ একসঙ্গে

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন চিত্রনায়িকা পপি ও শাহরিয়ার শুভ। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘হাসনা হেনা’ নামের একটি টেলিফিল্মে এই দু’জন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা পপি ছোট পর্দার কাজ করছেন। ধারাবাহিক তিনি করছেন না, এক ঘণ্টার নাটকেও তাকে খুব একটা দেখা যায় না, তবে কিছুদিন পরপরই বিভিন্ন টেলিফিল্মে চিত্রনায়িকা পপিকে পাওয়া যায়। ‘হাসনা হেনা’ টেলিফিল্মটিতে পপি ও শাহরিয়ার শুভসহ আরও অভিনয় করেছেন সাগর সিদ্দিকী, আন্না, শবনম পারভীন, সানি, শহীদুল আলম সাচ্চু, আবু সাঈদ খান, আফজাল শরীফ, হীরা আঁখি, পার্সিয়া, সাহেলা আক্তারসহ অনেকে। টেলিফিল্মটি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘এ পর্যন্ত অনেক শিল্পীকে নিয়েই কাজ করেছি। অনেক চিত্রনায়িকাদের নিয়েও কাজ করেছি। তবে চিত্রনায়িকাদের নিয়ে কাজ করার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার পেয়েছি পপির সঙ্গে। সে চরিত্রের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে। গল্পটিকেও ফুটিয়ে তোলার মতো অনন্য দক্ষতা তার মধ্যে রয়েছে। খুবই ভালো হয়েছে টেলিফিল্মটি। তার এই প্রতিভাই তাকে এতদূর নিয়ে এসেছে।’