আজ থেকে ‘ইতি দুলাভাই’

আজ থেকে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ইতি দুলাভাই’। সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন—শাহেদ শরিফ খান, সিদ্দিকুর রহমান, আলভি, সাজু খাদেম, ডা. এজাজুল ইসলাম, পুতুল, ফারুক আহম্মেদ, ইলোরা গহর, ড. ইনামুল হক, আল মনসুর, রহমত আলী, তুলিকা চৌধুরী, শফিক খান দিলু, শ্যামল জাকারিয়া, আমিন আজাদ, শেলী আহসান, সায়কা আহম্মেদ, শামীম ভিক্তি, বিনয় ভদ্র। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। নাটকের কাহিনীতে দেখা যাবে—ইউনিয়ন পরিষদ নির্বাচনে গফুর মেম্বার বদরউদ্দিন বেপারীর কাছে বিপুল ভোটে হেরে যায়। বদরউদ্দিন বেপারী ও গফুর মেম্বার সম্পর্কে ভায়রা। এই দুই পরিবারে দুইজন কর্তা ব্যক্তির সম্পর্ক খারাপ হলেও পরিবারের জন্য সদস্যদের সুসম্পর্ক রয়েছে। গফুর মেম্বারের মেয়ে লাইলি প্রায় সময় তার খালার বাড়িতে থাকে। অন্যদিকে বদর বেপারীর মেয়ের জামাই লেবু সারাক্ষণ শ্বশুরের বিরোধিতা করে। লেবুর চলাফেরা খালুশ্বশুর গফুর মেম্বারের সাথে। এভাবেই এগিয়ে চলে নাটকটি।