রূপগঞ্জের স্কুলে চাঁদাবাজদের হামলা, আহত ২২
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:২৩
দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার পূর্বাচল আইডিয়াল বিদ্যানিকেতন স্কুলে গতকাল বুধবার সকালে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেয়। বাধা দেয়ায় সন্ত্রাসীরা স্কুলের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান (৩০), শিক্ষার্থী লিমন (৭), রায়হান (৮), রাকিব (৭), লামিয়া (৬), মফিজুল (৮), ফয়সাল (৭), সীমা আক্তারসহ (৬) ২২ জনকে পিটিয়ে জখম করে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান জানান, হামলাকারীরা স্কুলের একাধিক কক্ষ ভাংচুর করে সাইনবোর্ড খুলে নিয়ে যায়। পরীক্ষার হল থেকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের টেনে হিঁচড়ে বের করে দেয়। পরে সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপন মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে অফিস কক্ষে এসে স্থানীয় সন্ত্রাসীরা ৫ লাখ টাকা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্কুল পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে ১০-১২ জন সন্ত্রাসী স্কুল ভাংচুর করে।
রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, হামলার ঘটনায় হাবিবুর রহমান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।