জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, প্রো-ভাইস-চ্যান্সেলর তোফায়েল আহমদ চৌধুরী, ট্রেজারার কাজী ফারুক আহমেদসহ ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক গত সোমবার রাতে জয়দেবপুর থানায় এ মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাল নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধভাবে গণনিয়োগ প্রাপ্ত ২৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৫১২৫/২০০৫-এর রায় ঘোষণার পরও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অসত্ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে বেতন-ভাতাদির নামে অর্থ বরাদ্দ দিয়ে আত্মসাত্ করেছেন বলে অভিযোগ রয়েছে।