বরিশালে টেন্ডার জমা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া, পাল্টা ধাওয়া

সদর উপজেলায় প্রায় সাড়ে তিন কোটি টাকার ঠিকাদারী কাজের দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাইদ উদ্দিন সাইদ নামে এক ছাত্রলীগ কর্মীকে মারধর করা হয়েছে। তাকে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদ অফিসে সদর উপজেলার চারটি কমিউনিটি স্কুল সংস্কারের ঠিকাদারী কাজের দরপত্র জমা দিতে যায় বিএম কলেজের ছাত্রলীগ নেতা মঈন তুষার। এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের অনুসারীরাও একই কাজের জন্য দরপত্র জমা দিতে যান। দরপত্র জমা দেয়া নিয়ে ছাত্রলীগের উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ নেতা তুষার অনুসারীরা মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিনের সমর্থক সাইদ উদ্দিন সাইদকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনে মাফলার জড়িয়ে ট্রলার মালিকের মৃত্যু আগৈলঝাড়ায় আমবৌলা-বাগধা খালে গত মঙ্গলবার ইঞ্জিনে মাফলার জড়িয়ে এক ট্রলার মালিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার বাড়ী উজিরপুরের রাজাপুর গ্রামে।