আন্তর্জাতিক ক্রিকেটে শচিন টেন্ডুলকারের ৩৪ হাজার রান

শচিন টেন্ডুলকারের সময়টা ভাল যাচ্ছে না। তবে আরো একটি রেকর্ডের মালিক হলেন তিনি। গতকাল কলকাতায় ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর শচিন নিজের ব্যক্তিগত দ্বিতীয় রান নিলেন। ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মন্টি পানেসারের বল থেকে এই রানটি নিয়ে শচিন পূরণ করলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪,০০০ হাজার রান। ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তার। গতকাল তিনি ১৫৫ বল খেলে ৭৬ রান করেন ১৩টি চারের সৌজন্যে। তিনি আউট হন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস অ্যান্ডারসনের বলে। ২৩ বছরের ক্যারিয়ারে শচিন ১৯৩তম টেস্টে প্রথম ইনিংস পর্যন্ত রান তুলেছেন ১৫,৬৩৮। ৪৬৩টি ওয়ানডে খেলে ভারতীয় ব্যাটিং কিংবদন্তী করেছেন ১৮,৪২৬ রান। একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচে করেন ১০ রান। শচিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিপক্ষে। তার ৫১টি টেস্ট ও ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি রয়েছে।