টু কি টা কি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:২৭
কালো ব্যান্ড
বাংলাদেশের ক্রিকেটাররা কাল মাঠে নামলেন হাতে কালো বন্ধনী বেঁধে। কারণ, তাদের অনেকেরই সাবেক সতীর্থ ক্রিকেটার কুন্তল চন্দের অকালে চলে যাওয়া। সোমবার সকালে আশুলিয়ায় এই ক্রিকেটারের লাশ উদ্ধার হয়। অনূর্ধ্ব-১৯ দলে মুশফিকুর রহিমদের সতীর্থ ছিলেন কুন্তল। তার মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যে শোকাহত, সেটি আর বলে দিতে হয় না। তারপরও বন্ধুকে এভাবে স্মরণ করার চেষ্টা করলেন ক্রিকেটাররা।
বার বার তিন বার
সেটা ছিল সুনিল নারিনের তৃতীয় ওভার। ওভারের দ্বিতীয় বলটায় আউট হয়ে গেলেন এনামুল হক বিজয়। পরিষ্কার ক্যাচ চলে গেল উইকেটরক্ষকের হাতে। কিন্তু নিয়ম রক্ষার রিপ্লে দেখতে গিয়ে দেখা গেল নারিন ওভার স্টেপিংয়ে নো বল করে বসেছিলেন। ফলে বেঁচে গেলেন এনামুল। পরের বলে ফ্রি-হিট। অফ স্ট্যাম্পের অনেক বাইরে থেকে চলে যাওয়া বলে চালাতে গিয়ে স্টান্স নড়ে গেল এনামুলের। বল হাতে নিতে পারলে স্ট্যাম্পিংয়ের সুযোগ পেতেন উইকেটরক্ষক। পরপর দু বার এই ঝুঁকির ভেতর পড়া এনামুল নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। কিন্তু সে সুযোগ তাকে দিলেন না নারিন। তিন বারের বার পরিষ্কার এলবিডব্লু বিজয়।
শিশিরের আগেই
আগের দু’ম্যাচে বুক চিতিয়ে ব্যাট করা বাংলাদেশের ব্যাটসম্যানরা হঠাত্ কেন এ রকম নুয়ে পড়লেন। খুলনবাসী বলবে, তাদের ভেন্যু ছেড়ে যাওয়ায় এই পরিণতি। আবার কেউ বলবেন, অতি আত্মবিশ্বাস বা চাপ এর কারণ। তবে ক্রিকইনফোর এক পাঠক বলছেন, কারণ বোলারদের প্রতি ব্যাটসম্যানদের সহানুভূতি। যেহেতু রাতে শিশিরে স্পিনারদের বল করতে কষ্ট হবে; তাই ব্যাটসম্যানরা দ্রুত ফিরে গিয়ে শিশির জমে ওঠার আগেই নিজেদের স্পিনারদের সুযোগ করে দিতে চেয়েছেন!
টস প্র্যাকটিস
মুশফিকুর রহিম এক সময় টানা টস জিততেন। সে সময় তার টস ভাগ্য নিয়ে অনেক কথাও হয়েছে। এই টেস্ট সিরিজেও দু’বারই জিতেছেন। কিন্তু ওয়ানডেতে টানা তিন ম্যাচ টস হারলেন। প্রথম দু’ম্যাচে শিশির না থাকায়, ম্যাচ দিনের হওয়ায় টস তেমন প্রভাব ফেলেনি। কিন্তু কাল টসই যেন ম্যাচের ভাগ্য ঠিক করে দিচ্ছিল। এক পাঠক তাই বললেন, মুশফিকুরের ব্যাটিংয়ের চেয়ে এখন টস প্র্যাকটিসে বেশি সময় দেয়া উচিত!
প্রথম ফিফটি!
মারলন স্যামুয়েলস ৩৭ রান করার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার ঘটল; এই সিরিজে ক্যারিবিয়দের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন তিনি! এর আগে পর্যন্ত সুনিল নারিনের ৩৬ রান ছিল সর্বোচ্চ। পরে স্যামুয়েলস ফিফটিও পেয়েছেন। বলাই বাহুল্য, সেটি সিরিজে ক্যারিবিয়দের প্রথম। এ ছাড়া স্যামুয়েলস ও পাওয়েল জুটি সিরিজে ক্যারিবিয়দের পক্ষে প্রথম পঞ্চাশ রানের জুটি করেছেন এই ম্যাচে।