ঢাকা-হোমনা সড়কে শিবপুর বেইলী ব্রিজ ধসে গেছে

গতকাল ভোররাতে ঢাকা-হোমনা সড়কে তিতাস উপজেলার শিবপুর বেইলী ব্রিজ ধসে গেলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তিনটি কাঠ বোঝাই ট্রাক সেতুর উপর দিয়ে পার হওয়াকালে একটি ট্রাক পার হওয়ার পরই সেতুর দক্ষিণাংশ ধসে যায়। সেতুটি ধসে যাওয়ায় বাঞ্ছারামপুর, হোমনা, তিতাস, মুরাদনগর, দাউদকান্দি ও মেঘনার জনগণের চলাচলে চরম ভোগান্তি হয়। বাঞ্ছারামপুর, হোমনা এবং তিতাস উপজেলার ঢাকামুখী যানবাহনগুলো ধসে পড়া সেতুর উত্তর পার্শ্বে যাত্রী নামিয়ে ফিরে যায়। আর বাঞ্ছারামপুর, হোমনা এবং তিতাসগামী যানবাহনগুলো সেতুর দক্ষিণ পার্শ্বে যাত্রী নামিয়ে ফিরে যায়। অসংখ্য যাত্রী পায়ে হেঁটে ৩/৪ কিঃমিঃ পথ পাড়ি দেয়। সড়ক ও জনপথ বিভাগের লোকেরা ৮/৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেতুর মেরামত কাজ সেরে আপাতত যানবাহন চলাচলের ব্যবস্থা করলেও তা স্থায়ী ব্যবস্থা হয়নি। সড়ক ও জনপথ বিভাগের লোকেরা জানায়, খুব সহসাই সেতুটি ভালভাবে মেরামত করা হবে। উল্লেখ্য, ঢাকা-হোমনা সড়কে দড়িকান্দি বেইলী সেতুটি ২০০০ সালের ৬ জুন এবং ২০০৪ সালের ৫ জুলাই দুইবার ধসে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। গৌরীপুর বাজারের উত্তর পার্শ্বের বেইলী সেতুটি যেকোন সময় ধসে যেতে পারে বলেও অভিজ্ঞমহল আশংকা করছে।