নাসিরনগর-ছাতিয়াইন সড়কে নির্মাণ কাজ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-চাপরতলা-ছাতিয়াইন সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদ না করায় এ সড়কের ঠিকাদার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, নাসিরনগর-ছাতিয়াইন সড়কের এলজিইডি আর আই আই পি-২ প্রকল্পের তত্ত্বাবধানে ২০১০ সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়। এ সড়কে মাটি ভরাটসহ নির্মাণ কাজ অব্যাহত থাকলেও চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাজার সংলগ্ন মাত্র ১৫৬ ফুট রাস্তার উপর দখলকৃত কতিপয় প্রভাবশালী ব্যক্তির দোকান না সরানোর ফলে বর্তমানে ঠিকাদার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। চাপরতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন ভুঁইয়া জানান, একাধিকবার উক্ত দোকান-পাট উচ্ছেদের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক জানান, এ সড়কের উপর স্থাপিত দোকান-পাট না সরানোর ফলে চাপরতলা বাজার সংলগ্ন রাস্তায় কিছু অংশের কাজ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী জানান, বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে অবগত করেছেন। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।