পৃথক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু

ফেনী ও ফরিদপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৫ জন ও সিরাজগঞ্জে স’মিলে কাটা পড়ে এক মানসিক রোগী মারা গেছে। ফেনী প্রতিনিধি জানান, বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপালের পাগলা মিয়া সড়কের মাথায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির ৪ যাত্রী নিহত হয়। আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মাল বোঝাই কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে বিপরীত থেকে আসা যাত্রীবোঝাই সিএনজিকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যান আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ফেনী থানায় একটি মামলা রুজু করা হচ্ছে। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া (বিশ্বরোড) মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় চাঁদহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী হামিদা মহাসড়কের গজারিয়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী টেম্পু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত হামিদা চরযশোরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের আউয়াল মোল্যা কন্যা। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি বাজারে মঙ্গলবার স’মিলে কাটা পড়ে আল-আমিন নামে (১৮) এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় আল-আমিনের মাথা ও হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহজাদপুর থানার এস,আই, (উপ-পরিদর্শক), কে.এম.রাকিবুল হুদা জানান, চররুকশী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আশরাফ আলীর ছেলে আল-আমিন মানসিক ভারসাম্যহীন হয়ে ইতিপূর্বে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার দিন সবার অগোচরে সে করাত কলের উপর ঝাঁপ দিলে তার করুণ মৃত্যু ঘটে।