শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল গতকাল শনিবার বাদ আসর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মহিউদ্দিন কাসেমী ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুল-উল-আলম হানিফ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, আসলামুল হক, সাদেক খান, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া, যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ, জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মাহফুজ আলমসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, আত্মীয়-স্বজনসহ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন।
সপরিবারে শ্রীলঙ্কা বেড়াতে গিয়ে বোমা হামলায় অন্য অনেকের সঙ্গে নিহত হয় সাড়ে আট বছর বয়সী জায়ান চৌধুরী। এ ঘটনায় তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত বুধবার জায়ানের মরদেহ দেশে ফিরিয়ে আনার পর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।