প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, সম্পদ

রাষ্ট্রপতি মো. জিল¬ুর রহমান বলেছেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, সম্পদ। তাদের আলাদা রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। গতকাল বঙ্গ ভবনে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সাক্ষাত্ করলে তিনি একথা বলেন। তিনি প্রতিনিধিদলকে বলেন, ‘আপনারা নিজেদের কোনভাবেই দুর্বল মনে করবেন না। মনোবল শক্তিশালী রাখবেন। তবেই নিজের ও দেশের উন্নয়ন করতে পারবেন।’ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলালের নেতৃত্বে অন্যান্যের মধ্যে ছিলেন মোজাহার আলী, কিসমতারা খাতুন, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন সিরাজী, শহীদুল ইসলাম, গোলাম মাহমুদ, এন্তাজ আলী, বীর বান্নু চাকমা, আশরাফুন নাহার মিষ্টি, ইফতেখার হোসেন সোহেল, বদিউল আলম বাবুল, আবদুল আজিজ খান, সালাউদ্দিন আহমেদ শরীফ ও মাহবুবুর রহমান। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, বাংলাদেশে ১৫ ভাগ অর্থাত্ ২ কোটি ২০ লাখ লোক প্রতিবন্ধী। তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার ব্যাপারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন। এ সময় প্রতিনিধিরা প্রতিবন্ধীদের কল্যাণে নারীনেত্রী মরহুম আইভি রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রতিনিধিদল মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, বিসিএসসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগের জন্য কোটা সংরক্ষণ, স্থানীয় সরকার ও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ, প্রতিবন্ধী নারীদের অগ্রধিকার দিয়ে সংগঠন সংখ্যা বৃদ্ধি এবং বাজেটে প্রতিবন্ধীদের জন্য পৃথক বরাদ্দ রাখাসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতি বরাবর উপস্থাপন করেন। এ সময় রাষ্ট্রপতি প্রতিবন্ধীদের কল্যাণে সার্বিক সহায়তার আশ্বাস দেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।