‘জামায়াতের হরতালে সমর্থন প্রত্যাহার করুন’

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে জামায়াতের হরতালের প্রতি নৈতিক সমর্থন প্রত্যাহার করার আহবান জানিয়েছে যুদ্ধাপরাধ বিচারমঞ্চ। যুদ্ধাপরাধের বিচারের দাবিকে ত্বরান্বিত করার লক্ষ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ মঞ্চ যাত্রা শুরু করে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মঞ্চে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিচার মঞ্চের প্রধান সমন্বয়কারী খালেদুর রহমান শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রহমান মুস্তাফিজ, কবি তপন রশিদ, বদরুল আহসান খান, মুক্তিযোদ্ধা কবি শেখ বাতেন, জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি এম আর মঞ্জু, কবি আসলাম সানী। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির দৈন্যতার সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধের পর জামায়াত শক্তিশালী হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় পুলিশ এবং জানমালের ওপর হামলা করছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেও ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করতে হবে।