বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে দোকান, বাড়িঘরসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ঝালকাঠি\ ঝালকাঠির মানপাশা বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে বাজারের ডেকোরেটর ব্যবসায়ী সোবাহান আকনের দোকান থেকে শর্ট সার্কিটের মাধমে আগুনের সূত্রপাত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান এলিন সরদার । খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। নগরকান্দা (ফরিদপুর)\ উপজেলার কোদালিয়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় সারোয়ার শেখের বাড়িতে এক অগ্নিকাণ্ডে নগদ ৪০ হাজার টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। অগ্নিকাণ্ডে ঘরে রাখা নগদ ৪০ হাজার টাকা, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পাঁচবিবি (জয়পুরহাট)\ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামের মহিলা ইউপি সদস্য আসমা বেগমের বাড়িতে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। আসমা বেগম জানান, জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ইতিপূর্বেও তার বাড়িতে আগ্নিসংযোগ করা হয়। পাঁচবিবির দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নগদ ৫ হাজার টাকা, ৩টি ঘর, ঘরের আসবাবপত্রসহ কাপড়-চোপড় পুড়ে ভস্মীভূত হয় তবে কোন প্রাণহানি ঘটেনি।