সঙ্গীত পরিচালক ইমন গ্রেফতার

প্রতারণা ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। গতকাল বুধবার রমনা থানা পুলিশ তাকে ইস্কাটন গার্ডেনের বাসা থেকে গ্রেফতার করে। ইমন টেলিভিশন শিল্পী বিজরী বরকতউল্লাহর সাবেক স্বামী। রমনা থানার অফিসার ইনচার্জ শাহআলম জানান, মঙ্গলবার রাতে শ্লীলতাহানি ও প্রতারণার অভিযোগে এক তরুণী গতকাল সকালে নারী নির্যাতন আইনে মামলা করেন। এরপরই পুলিশ ইমনকে গ্রেফতার করে। এ সময় ইমনের বাসা থেকে ৯টি ইয়াবা ও বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা হয়েছে বলে তিনি জানান। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৯ সালে লেখাপড়ার জন্য ভারতে যান তিনি। ২০১১ সালের মাঝামাঝি সময় ফেসবুকের মাধ্যমে ইমনের সঙ্গে তার পরিচয়। পরে ইমনের অনুরোধে ঐ বছরের ৩ নভেম্বর দেশে ফেরেন। ইমনই তাকে বিমানবন্দরে রিসিভ করেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মগবাজারের একটি স্টুডিওতে। পরবর্তীতে ইমন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান । শুধু এখানেই শেষ নয় ইমন আপত্তিকর ছবি তুলে ছেড়ে দেয় ইন্টারনেটে। শওকত আলী ইমন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পরিস্থিতির শিকার। তবে তিনি স্বীকার করছেন ফেসবুকের মাধ্যমেই ঐ তরুণীর তার সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি বিয়ের ব্যাপারে কোনো ধরনের প্রলোভন দেখাননি।