রাখে আল্লাহ
মারে কে
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
রাখে আল্লাহ মারে কে। ৫তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে ২ বছরের এক শিশু। বেঁচে যাওয়া শিশুকে জড়িয়ে ধরে তার বাবা-মা অঝোরে কেঁদেছেন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্টাফ কোয়ার্টারে ৩৬/৯ নম্বর ভবনে। বেঁচে যাওয়া শিশুটির নাম তানজিদা জনি। বাবা খোকন বুয়েটের ছাত্র ক্যাম্প অফিসের সিনিয়র অ্যাটেনড্যান্ট।
খোকন জানান, তার তিন মেয়ে। তিনজনই ছোট। বড় মেয়ে মুক্তি (৬), মেজো মেয়ে মিতু (৪) ও সবার ছোট জনি (২)। বেলা ১২টার দিকে বাড়ির পাঁচতলার বারান্দায় তিন বোন মিলে খেলা করছিল। তাদের বারান্দায় কোমর পর্যন্ত রেলিং আছে। রেলিংয়ের উপর ঢালাই করা রডের বাউন্ডারি। তার উপর একটি বেড়া দিয়ে ঢাকা। বেড়ার মাঝখানে একটি জানালা রয়েছে। শিশু জনি খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে রেলিংয়ের সঙ্গে রাখা একটি টুলের উপর উঠে ঐ জানালা দিয়ে উঁকি মারতে গেলে নিচে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক শিশুটির মাথা সিটি স্ক্যানের জন্য দ্রুত ঢামেক বহির্বিভাগে পাঠান। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিত্সক বলেন, অবস্থা মোটামুটি ভালো, অপারেশনের দরকার নেই। তবে ওষুধপত্র দিয়ে চিকিত্সা করানো যাবে।