অস্ট্রেলিয়া এখন ‘আহত বাঘ’!
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:০১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার আশা ছিল অস্ট্রেলিয়ার। তা তো হয়ইনি; উল্টো পার্থে অবমাননাকর পরাজয়ের স্বাদ পেয়েছে মাইকেল ক্লার্কের দল। এ অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে শ্রীলঙ্কা নিজেদের একটু ফেবারিট মনে করতেই পারে। কিন্তু শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন, অস্ট্রেলিয়ানরা এখন ‘আহত বাঘের’ মতো ফুসছে। তারা এখন শ্রীলঙ্কানদের ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছে।
সোমবার শেষ হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩০৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। ফলে ১-০ ম্যাচে সিরিজ জয় করে আফ্রিকানরা।
এই জয়ের ফলে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন্ন রাখে দক্ষিণ আফ্রিকা। এই শেষ টেস্টের ভেতর দিয়েই রিকি পন্টিং তার ১৭ বছরের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি টানায় আর তাকে মাঠে পাচ্ছে না অস্ট্রেলিয়া দল। পন্টিংবিহীন এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতেই শ্রীলঙ্কা এখন অস্ট্রেলিয়ায়। ক্যানবেরায় প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে তিন দিনের অনুশীলন ম্যাচের আগে জয়াবর্ধনে বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে এখনো টেস্ট ম্যাচে জয় না পাওয়া শ্রীলংকা সর্বোচ্চ চেষ্টা করবে ইতিহাস বদলাতে।
পন্টিংকে ছাড়াও এখনো অস্ট্রেলিয়া একটি শক্তিশালী দল উন্লে¬খ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাদেরকে আমি আহত সেনা হিসাবে বিবেচনা করছি। আমাদের বিরুদ্ধে তারা আরো শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে পারে। বিশেষ করে গত ম্যাচের (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) পর তারা আমাদের বিরুদ্ধে আরো শক্ত হয়ে মাঠে নামবে। সে জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সে কঠিন অবস্থা আমাদের ভালোভাবে মোকাবেলা করার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
অস্ট্রেলিয়া সফরে আসার আগে শ্রীলঙ্কা অবশ্য মোটামুটি সুখস্মৃতি নিয়েই এসেছে। নিউজিল্যান্ডকে তারা ঘরের মাটিতে ওয়ানডে ও টেস্ট সিরিজে হারিয়েছে। যদিও কলম্বো টেস্টে স্রোতের বিপরীতে পরাজয় হজম করতে হয়েছে লঙ্কানদের। এই হারের সঙ্গে শ্রীলঙ্কার আরেকটি দুশ্চিন্তা যোগ হয়েছে-কুমার সাঙ্গাকারার ফর্মহীনতা। এ বছরের প্রথম দিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া কুমার সাঙ্গাকারা পুরো সিরিজেই ছিলেন নিষ্প্রভ। তিন ইনিংসে তার মোট রান ২১। অবশ্য এ নিয়ে একটু চিন্তিত নন অধিনায়ক জয়াবর্ধনে। তিনি বরং বলছেন, এখন সাঙ্গাকারা আরও বিপজ্জনক ব্যাটসম্যান. ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সে খারাপ করায় আমি খুশী। কারণ সত্যিই এখন সে রানের জন্য ক্ষুধার্ত থাকবে— এটাই সাঙ্গাকারা।’
চলতি সিরিজে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দু’টি টি-২০ শেষে অধিনায়ক হিসাবে নিজের ভবিষ্যত্ নিয়ে চিন্তা করবেন বলেও জানান ৩৫ বছর বয়সী জয়াবর্ধনে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সিরিজ শেষে প্রায় তিন বছর পর আমরা প্রথমবারের মত চার সপ্তাহ বিশ্রাম পাব। সুতরাং আমার কি করা উচিত সে বিষয়ে ভাবতে আমি কিছুটা সময় পাব। অন্যকিছুর মতই আমাদের দরকার একজন ভাল নেতা তৈরী করা। যেহেতু দলে এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে তাই সুুুন্দরভাবে এ পরিবর্তন আনার জন্য এটাই গুরুত্বপূর্ণ সময়। এ বিষয়ে আমি নির্বাচকদের সঙ্গে কথা বলব এবং দলের জন্য যেটা মঙ্গলজনক হবে সেটা করব।’ হোবাটে ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়া-শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। এর পর মেলবোর্নে ২৬ ডিসেম্বর ও সিডনিতে ৩ জানুয়ারি তৃতীয় টেস্ট শুরু হবে।-বাসস