তাজরীন ফ্যাশনসে অগ্নিকান্ড
৯৯০ শ্রমিককে বকেয়া বেতন প্রদান
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:২৯
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের ৯৯০ শ্রমিককে গতকাল বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স ট্রেনিং ইনস্টিটিউট (আইআরআই) মাঠে বকেয়া বেতন প্রদান করা হয়েছে। এর মধ্যে নিহত শ্রমিকদের পক্ষে তাদের স্বজনরা এ বেতন গ্রহণ করেন। টঙ্গীর আইআরআই মাঠে সকাল থেকে নিহতদের স্বজন ও শ্রমিকরা অশ্রুসিক্ত নয়নে অপেক্ষা করেন বকেয়া বেতনের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহ্সান রাসেল, সাভার এলাকার সংসদ সদস্য তৌহিদ মুরাদ জং প্রমুখ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানান, তাজরীন ফ্যাশনসের ৯৯০ শ্রমিকের বকেয়া বেতন প্রদান করা হয়েছে। কমবেশি হলে পরে ব্যবস্থা নেয়া হবে। শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী সার্ভিস বেনিফিটসহ বেতন-ভাতা পাবেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, শ্রমিকদের ১ ডিসেম্বর বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু ভুয়া তালিকা উপস্থাপন করায় ঐদিন টাকা দেয়া হয়নি। শ্রমিকদের ঐ তালিকা যাচাই করে নতুন তালিকা চূড়ান্ত করে বিজিএমইএ ও বিকেএমইএ। শ্রম আইন অনুযায়ী যাদের চাকরি তিন মাসের ঊর্ধ্বে এবং মূল বেতন সাড়ে ৪ হাজার টাকা তারা প্রত্যেকে এক মাসের বেতনের সঙ্গে ১৩ হাজার ৩৪২ টাকা করে পাবেন। আর যাদের চাকরি তিন মাসের নিচে তারা শুধু অতিরিক্ত এক মাসের বেতন পাবেন। এমনকি যাদের চাকরি এক মাসও হয়নি তারাও অতিরিক্ত এক মাসের বেতন পাচ্ছেন। এদিকে কর্মরত শ্রমিকদের মাঝে শতাধিক শ্রমিক কম বেতন পাওয়ার অভিযোগ করেছেন। এদের মধ্যে তাজরীন ফ্যাশনসের ফোল্ডিংম্যান সাহেনা জানান, তিনি ৭ হাজার ৩শ টাকা বেতন পেয়েছেন। তার বকেয়া বেতন পাওয়ার কথা ছিল ১১ হাজার ৭শ টাকা।