নরসিংদীতে প্রতিপক্ষের
হামলায় আহত যুবলীগ
নেতার মৃত্যু
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মনোহরদীর দৌলতপুর ইউনিয়ন যুবলীগ নেতা অহিদুল্লাহ (৩৫) চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত সোমবার রাতে মারা গেছেন। গত রবিবার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে হাবিবুর রহমান, রফিজ উদ্দিন ও কফিল উদ্দিন অহিদুল্লাহকে কুপিয়ে আহত করে। এ ব্যাপারে মনোহরদী থানায় অহিদুল্লাহর বড় ভাই আহসান উল্লাহ বাদি হয়ে হাবিবুর রহমান, রফিজ উদ্দিন, কফিল উদ্দিন, উম্মেহানিসহ ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন মাস্টার, ইউপি সদস্য মনিরুজ্জামান মনু মিয়া, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহির ইমরান এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অহিদুল্লাহর খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।