শ্রম অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা উত্সাহ হারাবেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশের কর্মস্থলের পরিবেশ উন্নত করাসহ শ্রম অধিকার নিশ্চিত করা না গেলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশি পণ্য কিনতে উত্সাহ হারাবেন। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে জিএসপি(জেনারালাইজড সিস্টেম অব রেফারেন্স) সুবিধা দিক বা না দিক সেদিকে তাকিয়ে থাকবেন না। কারখানার কর্মপরিবেশ এবং শ্রমিকদের অধিকার রক্ষা করুন, ক্রেতারা আপনাদের পাশে থাকবে। গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশি পণ্যের ব্রান্ডিং নিয়ে আয়োজিত এক সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মুহম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বেসরকারি খাতের কয়েকজন বিশ্লেষক বক্তব্য রাখেন। হাসানুল হক ইনু বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলছে। সাহায্য নির্ভর অর্থনীতি থেকে আমরা এখন বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবার কাতারে এক নম্বরে রয়েছে। প্যানেল আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চীনকে টপকে বিশ্বের এক নম্বর পোশাক রফতানিকারক দেশ হবে? এছাড়া জুতা, চামড়াজাত পণ্য, ওষুধ, তথ্য প্রযুক্তি, হিমায়িত মাছ রফতানির ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে অবারিত সুযোগ। এশিয়ার উদীয়মান বাঘ হবার ক্ষেত্রে বাংলাদেশের সামনে সব উপাদান আছে। যেমন দক্ষ কর্মশক্তি, উদ্যমী উদ্যোক্তা, ক্রমবর্ধমান কৃষিখাত এবং ব্যাপক প্রাকৃতিক সম্পদ। চীন থেকে যে সব পোশাক কারখানা সরে যাচ্ছে কিংবা পূর্ব এশিয়ার দেশগুলো থেকে যে সব সিল্ক কারখানা বাইরে যাচ্ছে সেগুলোকে আকর্ষণ করতে পারলে বাংলাদেশের এশিয়ান টাইগার হওয়া খুব দূরে থাকবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারকে অবশ্যই শ্রম আইন যুগোপযোগী করে প্রত্যেক কারখানায় ট্রেড ইউনিয়ন করার অনুমতি দিতে হবে। এটি করা হলে পোশাক কারখানায় দুর্ঘটনার হার অনেক কমে আসবে। প্যানেল আলোচনায় বিবি প্রোডাকশন্স এর প্রতিষ্ঠাতা বিবি রাসেল বলেন, বাংলাদেশে উদ্যমী জনশক্তি আছে। মসলিনের মতো কাপড় এখানকার কারিগর দিয়ে হয়েছে। এদেশের জামদানি পৃথিবী বিখ্যাত। কিন্তু এ দুটি পণ্যের মেধাস্বত্ব এখন বাংলাদেশের নয়। তিনি এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এহসান খসরু, জেনারেশন এলায়েন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড ফলক্স বক্তব্য রাখেন।