১০ ট্রলারসহ শতাধিক জেলেকে
ধরে নিয়ে গেছে জলদস্যুরা
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
বঙ্গোপসাগরে জেলেবহরে গণডাকাতির ঘটনা ঘটেছে। দস্যুরা ১০টি ট্রলারসহ শতাধিক জেলেকে নিয়ে গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর ও পাথরঘাটার মহিপুর থেকে প্রায় ৪০-৫০ কিলোমিটার দক্ষিণ সাগরের সোনারচর ও গাংরাইল এলাকায় গত মঙ্গলবার বিকালে চারটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জেলেবহরে গণডাকাতি চালায় দস্যুরা।
দস্যুরা শতাধিক মাছ ধরার ট্রলারে হানা দিয়ে জেলেদের মারধর করে প্রত্যেক ট্রলার থেকে আহরিত মাছ, জ্বালানি তেল, ইঞ্জিনের যন্ত্রাংশ, মোবাইল ফোনসেটসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপহূত জেলেদের মধ্যে বাগেরহাটের শরণখোলার রাজর গ্রামের মত্স্য ব্যবসায়ী কবির আড়তদারের এফবি খায়রুল ট্রলারের মাঝি সাইয়েদুর এবং জাকির হাওলাদারের এফবি খায়রুল ইসলাম-২ ট্রলারের মাঝি মোশারেফ হাওলাদারের নাম জানা গেছে। অপহূত অন্য জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার সময় ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বাগেরহাটে শরণখোলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মত্স্য সমিতির নেতারা এ তথ্য জানিয়েছেন। জেলে অপহরণ এবং গণডাকাতির ঘটনা গভীর সমুদ্রে ঘটায় নাম প্রকাশে অনেচ্ছুক কোস্টগার্ড পশ্চিম জোন এবং দক্ষিণ জোনের কর্মকর্তারা সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।
জাতীয় মত্স্যজীবী সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর তালুকদার জানান, এ পর্যন্ত শরণখোলার দুই জেলের খোঁজ পাওয়া গেছে। এছাড়া অপহূত ১০টি ট্রলারের মধ্যে পাথরঘাটার এফবি মা ফাতেমার নাম জানা গেছে।