হুন্ডির টাকা আত্মাসাতের ঘটনায় বেনাপোল পোর্ট থানার ওসি ক্লোজড

ভারত থেকে বাংলাদেশে পাচার করা হুন্ডির টাকা আত্মসাতের ঘটনায় এবার বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমানকে ক্লোজড করা হয়েছে। এই নিয়ে একই ঘটনায় তিন কর্মকর্তাসহ চারজনকে ক্লোজড করা হলো। গত শনিবার বেনাপোল সীমান্ত এলাকা থেকে সাদীপুর গ্রামের জাহাঙ্গীরকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় জাহাঙ্গীরের কাছ থেকে হুন্ডির ৩৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, পুলিশ সদস্যরা ওই টাকা আত্মসাত্ করে জাহাঙ্গীরকে থানায় না নিয়ে ছেড়ে দেন। অভিযোগ ওঠার পর এসপির নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত টিম সোমবার রাতে বেনাপোল পোর্ট থানার এসআই সিরাজ ও কামাল এবং কনস্টেবল মোস্তাককে পুলিশ লাইনে তলব করে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গতকাল সন্ধ্যায় ক্লোজ করা হয় পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমানকে। তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ইত্তেফাককে বলেন, গতকাল বুধবার বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমানকে রিপোর্ট করতে বলা হয়। সন্ধ্যায় তিনি রিপোর্ট করলে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। হুন্ডির টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান। পুলিশ সুপার আরো বলেন, ইউনিট প্রধান হিসেবে ওসির ওপর দায়িত্ব বর্তায়।