স্বৈরাচারদের মন্ত্রিসভা থেকে বাদ না দিলে জনগণ ক্ষমা করবে না :রফিকুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেছেন, ডা. মিলন হত্যাকারী স্বৈরাচারদের মন্ত্রিসভা থেকে বাদ না দিলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত হাজার হাজার মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ হত্যা করেছিল। এ সময় জাসদের নেতাকর্মীদেরও হত্যা করা হয়। তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর কাছে প্রশ্ন করি—যারা জাসদের কর্মীদের হত্যা করেছিল তাদের মন্ত্রিসভায় তিনি কীভাবে যোগদান করলেন? নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বুধবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি একথা বলেন। প্রজন্মের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, প্রজন্মের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সহ-সভাপতি মুরাদ হামিদ খান প্রমুখ। রফিকুল ইসলাম মিঞা আরো বলেন, ’৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই এদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আদালতের রায়ের মাধ্যমে এটা বাতিল করা যাবে না। আজকের এই প্রজন্মই আগামীদিনে মুক্তির যুদ্ধে নেতৃত্ব দেবে।