এই হেমন্তে
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ১৮:৫৮
আজ হেমন্ত, বেলা পড়ন্ত
স্মৃতির ভেতর কার যেন মুখ হাসে
এ তো নয় কোনো হাসির গল্প
অল্প অল্প ভাসে তার ছায়া
মায়া ভরা দুটি ভ্রূ’র উড়াল
আমাকে করেছে স্মৃতিতে মাতাল
এখন সে কই—কারে ভালোবাসে
বল মহাকাল, সন্ধ্যা-সকাল
কেন ফিরে আসে, কেনই বা আসে
ওগো হেমন্ত, হূদয়ে ছন্দ
আমার দিকে কি? নেমেছে বিকেলে—
হায় মহাকাল, আমাকে মাতাল
করে কি যে লাভ প্রেমের স্বভাব
ভালোবাসাবাসি বহুদূর যেন
বেঁধেছে তোমার ঝর্ণার হাসি
আমি ফিরে আসি, কেউ তো আসে না
আমি একা কবি, কেবল একাকী
ইশারায় ডাকি, বলি : এসো, এসো
কে যেন হঠাত্ খুলে দেয় খিল
হাতড়ে বেড়ায় ছন্দ ও মিল
এভাবেই হয় কবিতা আমার
আমি কবি, আমি স্বপ্নের ছবি
ওগো হেমন্ত আমার মর্মে ছন্দ-গন্ধ
অন্তহীনের খেলা
কিন্তু আমার মর্মে রয়েছে
আমার তো শেষ বেলা।