সামাজিক বিনিয়োগের চেয়ে সামাজিক দায়বদ্ধতা ভাল : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সামাজিক বিনিয়োগের চেয়ে সামাজিক দায়বদ্ধতা ভাল। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন সামাজিক বিনিয়োগ দীর্ঘমেয়াদী। এজন্য এ ব্যবসা যারা করেন তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বা এটা ছেড়ে চলে যায়। গতকাল বাংলাদেশ কোরিয়া সিএসআর সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও ইয়াংগুন কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং। সিএসআর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক সোবহানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়ং। সেমিনারে অর্থমন্ত্রী বলেন, দেশের সব কোম্পানির জন্য সিএসআর (কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি) বাধ্যতামূলক করা উচিত। তবে এ কাজে কোম্পানিগুলোকে বাধ্য করার মত কোন সিদ্ধান্ত সরকার এখনই নিচ্ছে না। তিনি বলেন, সিএসআর খাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বেশি বেশি খরচ করার সুযোগ রয়েছে। তবে এ খাতে খরচ করে অন্যদিক দিয়ে সুবিধা না নিয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। এ জন্য শিক্ষা ও টেকনিক্যাল কাজের জন্য খরচ করা ভাল বলেও মনে করেন তিনি। গওহর রিজভী বলেন, নতুন করে কর্মসংস্থান সৃষ্টির জন্য সিএসআরের আওতায় কর্মদক্ষতা উন্নয়নের জন্য কাজ করলে ভাল ফল পাওয়া যাবে। অদক্ষ জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে স্থানীয় চাহিদা মিটিয়ে এসব জনশক্তি রফতানি করার সুযোগ থাকবে। এ কারণে এ খাতে বিনিয়োগের জন্য কোরিয়াকে আহ্বান জানান তিনি। আর কোরিয়া এদেশে বিনিয়োগ করলে সরকার সব ধরনের সহযোগিতা করবে।