দেশপ্রেমিক এখন দেশদ্রোহী

বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার এখন তিন আবুলকে নিয়ে বেশ বিপাকে আছে। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতদের কে যে কখন কি বলছেন তার কোন ঠিক নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশপ্রেমিক আবুল হোসেন এখন প্রমাণিত দেশদ্রোহী। গতকাল বৃহস্পতিবার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে শহরের আলাইপুরে জেলা বিএনপি অফিসের সামনে জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের জন্য আওয়ামী লীগ দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে আজ তারাই নূর হোসেন আর ডা. মিলন হত্যাকারী সেই এরশাদকে সাথে নিয়ে মহাজোটের ঘর বেঁধেছে। দুলু বলেন, সরকারের শীর্ষ পর্যায়ে থেকে এর আগে বার বারই বলা হয়েছে পদ্মা সেতু নিয়ে তারা দুর্নীতি করেননি বরং করেছে বিএনপি সরকার। এখন দুদক আর বিশ্বব্যাংকের তদন্তেই প্রমাণিত হল আওয়ামী লীগের দুর্নীতির কথা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর ব্যাপারে বাংলাদেশ সরকারকে দুর্নীতিবাজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। নাটোর জেলা যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, বিএনপির কেন্দ নির্বাহী কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক মোঃ গোলাম সারোয়ার, নাটোর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, শহর বিএনপির সভাপতি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এহাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে, এম কামাল হোসেন, বড়াইগ্রাম থানা বিএনপি নেত্রী মহুয়া নূর বাবু এবং নাটোর জেলা ছাত্রদলের সভাপতি রবিউর রহমান টিটন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সোহেল, সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন তুষার প্রমুখ।