খানসামায় আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে তোড়জোড়

দিনাজপুরের খানসামা উপজেলায় আওয়ামী লীগের উপজেলা কাউন্সিল নিয়ে বর্তমানে ভোটারদের মাঝে তোড়জোড় চলছে। দীর্ঘ ৯ বছর পর আগামী ১২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ইতিমধ্যেই উপজেলায় পর্যায়ক্রমে ৬টি ইউনিয়নে কাউন্সিল সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর উপজেলার খানাসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১ নং আলোকঝাড়ি ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিলে একরামুল হক সভাপতি এবং নূর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৫ নভেম্বর কাচিনীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ নং ভাবকী ইউনিয়নের কাউন্সিলে কিশোরী মোহন রায় সভাপতি এবং আ. মান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৪ নভেম্বর ৪ নং খামারপাড়া ইউনিয়ন কাউন্সিলে তাজুল ইসলাম চৌধুরী সভাপতি এবং আ. মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯ নভেম্বর পাকেরহাট ডিগ্রি কলেজ মাঠে ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন কাউন্সিলে আবুল কালাম আজাদ সভাপতি এবং ধীমানচন্দ দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২৫ নভেম্বর পাকেরহাট ডিগ্রি কলেজ মাঠে ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন কাউন্সিলে চিত্তরঞ্জন রায় সভাপতি এবং মো. ছলিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।