বাগমারায় শিকদারি নামে আরো একটি পৌরসভা হচ্ছে

রাজশাহীর বাগমারা উপজেলায় আরো একটি পৌরসভা গঠিত হতে যাচ্ছে। নবগঠিত এই পৌরসভার হবে শিকদারি পৌরসভা। ২০০০ সালের পূর্বে প্রথম স্থাপিত হয় তাহেরপুর পৌরসভা এর পরপরই হয় ভবানীগঞ্জ পৌরসভা। সর্বশেষ বাগমারার এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় স্থাপিত হতে যাচ্ছে শিকদারি নামক আরো একটি পৌরসভা। শিকদারি পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী জানান, ইতিমধ্যে নবগঠিত শিকদারি পৌরসভার জরিপ কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, মাড়িয়ার ৮টি, যোগিপাড়ার ২টি ও হামিরকুত্সা ইউনিয়নের ৩টিসহ মোট ১৩টি গ্রাম নিয়ে গঠিত হবে শিকদারি পৌরসভা। এই তেরটি গ্রাম হলো মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া, কালাপাড়া, কাঁঠালবাড়ি, বিপ্রকয়া, বামনকয়া, হায়াতপুর, বালিয়া ও শিতলাই। যোগিপাড়ার শান্তপাড়া ও মাদারবাড়ি এবং হামিরকুত্সার খামারগ্রাম, মাঝগ্রাম ও ডাঙ্গাপাড়া। পৌরসভার প্রশাসক হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে।