বিএনপি যুবলীগ পাল্টা
সমাবেশ, উত্তেজনা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধে একই সময়ে একই স্থানে ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন যুবলীগ সমাবেশ ডাকায় বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শৈলকুপা থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, লাঙ্গলবাঁধে বিএনপি একটি সমাবেশ ডাকে। একই স্থানে যুবলীগ পাল্টা সমাবেশ ডাকে। সংঘর্ষের আশংকায় লাঙ্গলবাঁধ বাজার ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক। শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিএনপি একটি সমাবেশ ডাকে। তাদের সমাবেশ পণ্ড করতে যুবলীগ একটি সমাবেশ ডেকেছে বলে তিনি জানান। শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি রানা উজ্জামান বাদশা জানান, প্রশাসনের অনুমতি নিয়ে লাঙ্গলবাঁধে যুবলীগ কর্মীসভা ডাকে। কিন্তু বিএনপি কোন অনুমতি ছাড়াই সেখানে সমাবেশ ডাকে। তিনি জানান যে, প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।