ত্রিশালে আওয়ামী লীগের সাবেক এমপি পুত্র খুন

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের সাবেক এমপি পুত্র আব্দুল হক তরফদার নিজ ঘরে খুন হয়েছেন। ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের পলাশতলী গ্রামে আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম আব্দুস সালাম তরফদারের বড় ছেলে আব্দুল হক তরফদারকে (৫৫) গত মঙ্গলবার রাতে নিজ ঘরে দুবৃওরা মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করে। এসআই আব্দুল মান্নান জানান, উপর্যুপরি আঘাতে তার মাথা থেতলে মস্তক বেরিয়ে যায়। নিহতের ঘরে রক্তমাখা ১টি শাবল পাওয়া গেছে। ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লা আসাদ জানান হক দরফদার মাছের খামারের দেখাশুনা করার জন্য মাঝে মধ্যে বাড়িতে এসে থাকতেন। এদিকে গতকাল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার পিপিএম জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাকে তার কাছের লোকেরাই খুন করেছেন। এমপি পুত্রের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য রেজা আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান,জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার, সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মাহবুবুর রহমান লিটন, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।