শরীয়তপুরে যৌতুকের বলি
এক বছর লড়ে হেরে গেল
গৃহবধূ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১৪
যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুর গত বছর ২৬ ডিসেম্বর গৃহবধূ শেফালীকে জবাই করার চেষ্টা করে। মৃত্যু হয়েছে ভেবে বাড়ির পাশে ফেলে দেয়। প্রতিবেশীরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেফালী ৬ মাস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিল।
ঢাকা মেডিক্যালে ২ বার তার গলায় অস্ত্রোপচার করা হয়। খাদ্যনালী কেটে যাওয়ায় পাইপের সাহায্যে শেফালীকে তরল খাবার খাওয়ানো হতো। ঘটনার পর থেকে সে কথা বলতে পারতো না। গলার নিচ দিয়ে পাইপের সাহায্যে শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে হতো। শেফালীকে পুরোপুরি সুস্থ করার জন্য আরেকটি অস্ত্রপচারের কথা বলেছিলেন চিকিত্সকরা। তার বাবা মা টাকা সংগ্রহ করতে না পারায় অস্ত্রোপচার সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে শেফালী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার চেষ্টা করে। হরতাল থাকার কারণে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেফালীর মা সাহেরা বেগম বলেন, পাষন্ডরা টাকার জন্য আমার মেয়েকে জবাই করতে চেয়েছিল। মৃত্যুর সাথে সংগ্রাম করেও সে বাঁচতে পারলোনা। চোখের সামনে মেয়েটি শেষ হয়ে গেল আমরা কিছুই করতে পারলাম না।