সংবাদ সংক্ষেপ

ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ফরিদপুর প্রতিনিধি \ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা কমান্ডের আয়োজনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর জামাত-শিবিরের নগ্ন হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। গতকাল বৃস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের সংগঠক এবং আহত ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মেহেরপুর প্রতিনিধি \ সরকারি আইন অমান্য করে টিনের চিমনী দিয়ে ইট পোড়ানোর দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ ইটভাটা মালিকের জরিমানা আদায় করাসহ চিমনী ভেঙে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার আশরাফপুর গ্রামে ওই আদালত বসানো হয়। সহকারি কমিশনার সাবরিনা শারমিন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল আশরাফপুর গ্রামের মফিজুর, আব্দুস শুকুর, আজহারুল ও সামছুদ্দিনের ইটভাটায় অভিযান চালায়। এ সময় ৪ ইটভাটা মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। দাগনভূঞায় ঋণ বিতরণ দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ সমাজসেবা অধিদপ্তর দাগনভুঞার উদ্যোগে বুধবার ঋণ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরের ১৫ জনকে ১ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, সমাজসেবা মাঠ কর্মকর্তা বিবি আমেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। গোদাগাড়ীতে হেরোইন উদ্ধার গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ গোদাগাড়ীতে ৩ লক্ষ টাকা মূল্যের ২ শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিজিবি সদস্যরা গোপন সাংবাদের ভিক্তিতে মহিশালবাড়ী গ্রামের ডা. আব্দুর রহমানের ছেলে মোঃ বকুল-এর বাড়ীর রান্নাঘর হতে পলেথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় উদ্ধার করে। নবীনগরে যুবকের লাশ উদ্ধার নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নবীনগর উপজেলার আলীয়াবাদ দক্ষিণ চক থেকে বুধবার রাতে পুলিশ মোঃ শামীম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। ওই যুবকের বাড়ি উপজেলার পুরান শ্রীরামপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ সৈয়দপুর সংবাদদাতা \ সৈয়দপুরে গতকাল বৃহস্পতিবার রেলওয়ে কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাবিবুল্যার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। গতকাল এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ভূসম্পদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) শেখ নাজমুল হক। ভাঙ্গুড়ায় দুই মাদক ব্যবসায়ীর সাজা ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা \ গত বুধবার রাতে পাবনার ভাঙ্গুড়ার একটি ভ্রাম্যমাণ আদালত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এরা ভাঙ্গুড়া বাজারের গোলাম মোস্তফা ওরফে মালেক(৩৫) ও চৌবাড়ীয়া রেললাইন পাড়ার আনিছা খাতুন(৪২)। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছাকে দেড় বছর ও মালেককে এক বছর কারাদণ্ড প্রদান করেন। বাউবিতে মুক্তিযুদ্ধের স্মারক বক্তৃতা গাজীপুর প্রতিনিধি \ বিজয় দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লাখো শহীদের রক্তে রাঙা বিজয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ বীর বিক্রম। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আর.আই.এম আমিনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহমুদুর রহমান, মহাসচিব এমদাদ হোসেন মতিন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজ্জাম্মেল হক, মুক্তিযোদ্ধা ড.এম. ফজলে আলী প্রমুখ। উখিয়ায় স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এস.এম মিয়াজউদ্দিন গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উখিয়ার তুতুরবিল, মধ্য রাজাপালং ও নিদানিয়া এলাকায় নির্মাণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিসেফ কর্তৃক সরবরাহকৃত শিশু খাদ্য বিস্কুট সুষুমভাবে বিতরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। নির্মাণাধীন তুতুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ প্রত্যক্ষ করে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাহাবউদ্দিন ও উপজেলা প্রকৌশলী জামালউদ্দিন উপস্থিত ছিলেন। সারিয়াকান্দিতে শীতবস্ত্র বিতরণ সারিয়াকান্দি (বগুড়া)সংবাদদাতা \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শীতবস্ত্র বুধবার সারিয়াকান্দিতে শীতার্তদের মাঝে বিতরণ করা হয় । নারচী মাজেদা রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ও মথুরাপাড়া বাজারে উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । এ সময় উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন,সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কুমিল্লা সিটি কর্পোরেশনে হার্ট ক্যাম্প কুমিল্লা প্রতিনিধি\ ‘সারাবিশ্ব একটি বাড়ি-রোগ মুক্ত হূদয় গড়ি’ শ্লোগানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের হূদরোগ সনাক্তকরণ ও চিকিত্সার লক্ষ্যে হার্ট ক্যাম্প পরিচালনা করে হার্ট কেয়ার ফাউন্ডেশন। বুধবার সংগঠনের সভাপতি ডা. আবু আয়ূব হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। মূল বিষয়ে বক্তব্য রাখেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. তৃপ্তীশ চন্দ ঘোষ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সামাদ ফকির প্রমুখ। রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ী প্রতিনিধি \ স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে রাজবাড়ীতে জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এক পথসভায় মিলিত হয়। পথসভায় জেলা বিএনপির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমাদ খৈয়াম, বিএনপি নেতা রোকন উদ্দিন চৌধুরী, এ্যাডঃ আসাদুজ্জামান লাল প্রমুখ বক্তৃতা করেন। বিশ্বনাথে প্রতিবাদ সভা বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা\ সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। বুধবার মঙ্গলগিরি গ্রামের হাছন আলী সরকারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষানুরাগী হাছন আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী ও শিক্ষানুরাগী নূর মিয়া, রেজ্জাদ মিয়া, আসকির আলী, জামাল আহমদ, কবির আহমদ, বাবুল মিয়া, চান মিয়া, বেলাল আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, শিক্ষানুরাগী ইদ্রিস আলীর বিরুদ্ধে এলাকার একটি কুচক্রীমহল মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা শান্ত মঙ্গলগিরি গ্রামকে অশান্ত করার পাঁয়তারা করছে। রায়গঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত রায়গঞ্জ (সিরাজগঞ্জ) \ রায়গঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় চান্দাইকোনা গোপালজিউ মন্দির প্রাঙ্গণে বুধবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ রায়গঞ্জ শাখা সভাপতি শ্রী চন্দন কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত কুমার সেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার, মন্দির কমিটির উপদেষ্টা ডাঃ শচীন্দ নাথ বসাক, আ’লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, আ’লীগ নেত্রী লীনা হক লুত্ফা, ওসি (প্রশাসন) আনিসুর রহমান প্রমুখ।