জাতীয় যুব হকি সুপার লিগ শুরু আগামীকাল

অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকির সুপার লিগ শনিবার শুরু হচ্ছে। আটটি দল সুপার লিগে উঠেছে। দুই গ্রুপে ভাগ করে আট দলকে নিয়ে আসল লড়াই হবে এবার। ‘এ’ গ্রুপে রয়েছে দিনাজপুর, বিকেএসপি, রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা এবং ‘বি’ গ্রুপে রয়েছে ঢাকা জেলা, জয়পুরহাট জেলা, ফরিদপুর জেলা, চট্টগ্রাম জেলা। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে শনিবার সকাল নয়টায় প্রথম ম্যাচে দিনাজপুর রাজশাহী, ১১টায় জয়পুরহাট ফরিদপুর, বেলা ১টায় ঢাকা চট্টগ্রাম এবং বিকেএসপি রাজশাহী বিভাগ মুখোমুখি হবে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ১৩ ডিসেম্বর সেমিফাইনালে খেলবে। ফাইনাল ১৭ ডিসেম্বর। গতকাল গ্রুপ শেষে খেলায় রাজশাহী বিভাগ ৭-০ গোলে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের নাদিম ২, বন্ধন ২, দুর্জয়, আজগর আলী, রাসেল একটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে গোল করে এগিয়ে ছিল ময়মনসিংহ। তারপরও ম্যাচ জেতা হয়নি দলটির। ফরিদপুর জেলা ৪-১ গোলে হারিয়েছে ময়মনসিংহ জেলাকে। এই ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল মাইনুল ইসলাম কৌশিক এবং বিজিত দলের একমাত্র গোলটি করেন জাহিদুল ইসলাম। তৃতীয় খেলায় চট্টগ্রাম জেলা ১০-১ গোলে হারিয়েছে নড়াইল জেলাকে। বিজয়ী দলের নিজাম ৩, শহিদুল ৩, রায়হান ৩, মাহবুব ইসলাম ১ এবং বিজিত দলের মিথুন এক গোল করেন। রাজশাহী জেলা ১২-০ গোলে গাজীপুর জেলাকে হারিয়েছে। মোস্তাফিজুর রহমান হ্যাটট্টিক সহ ৪, ঈশান ৪, প্রসেনজিত্ ৩ এবং রুবেল একটি গোল করেন।