সাতক্ষীরায় এমপির কথা না শোনায় ফিরে গেল এডিপি প্রকল্পের টাকা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৭
সংসদ সদস্যদের (এমপি) পরামর্শ না নেয়ায় ফেরত গেছে সাতক্ষীরা জেলা পরিষদের অনুকূলে নেয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) গৃহীত উন্নয়ন প্রকল্পের টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরা জেলা পরিষদ থেকে পাঠানো প্রকল্পে এমপির পরামর্শ নেয়ার বিষয়টি স্পষ্ট করে পুনরায় প্রকল্প প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে জেলা পরিষদের প্রশাসককে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত টাকার ভাগাভাগি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ( জেলা পরিষদের সদস্য) মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমপিরা চাচ্ছেন তাঁদের পছন্দের প্রকল্পে সব কিংবা বেশিরভাগ বরাদ্দ নিতে। আর চেয়ারম্যানরা চাচ্ছেন এমপিদের জন্য মোট বরাদ্দের ২০ বা ২৫ শতাংশ রেখে বাকি টাকা তাঁদের পছন্দের প্রকল্পে ভাগাভাগি করে নিতে। অনেকক্ষেত্রে জেলা পরিষদের প্রশাসকরা নেপথ্যে চেয়ারম্যানদের পক্ষ নিয়েছেন। ফলে অনেক জেলা পরিষদের প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্র জানায়, সাতক্ষীরা ছাড়াও যশোর, সিরাজগঞ্জে রীতিমত অচলাবস্থা তৈরি হয়েছে জেলা পরিষদে। প্রশাসক কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা একপ্রকার অসহায় হয়ে পড়েছেন।
জানা যায়. চলতি অর্থ বছর সাতক্ষীরা জেলা পরিষদের অনুকূলে এডিপির বরাদ্দ দেয়া হয় ২ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা। এ টাকায় ২০৯টি প্রকল্প গ্রহণ করে জেলা পরিষদ। এসব প্রকল্প অনুমোদনের জন্য গত ৪ নভেম্বর পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসককে দেয়া একটি চিঠিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সরকার ( জেলা পরিষদ) আইনের ৩০ ধারা অনুযায়ী জেলা পরিষদের প্রকল্প গ্রহণকালে সংশ্লিষ্ট এমপির পরামর্শ গ্রহণের বিধান রয়েছে। এক্ষেত্রে তা করা হয়েছে কিনা; না হয়ে থাকলে এমপিদের সঙ্গে পরামর্শক্রমে পুনরায় সুস্পষ্ট প্রস্তাব প্রেরণ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মনসুর আহমেদ ইত্তেফাককে বলেন, মন্ত্রণালয় থেকে এমপির পরামর্শ নেয়ার বিষয়টি জানতে চাওয়া হয়েছে। সমন্বয় করেই প্রকল্প দেয়া হয়েছিল। কিন্তু এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কিছু অনুসন্ধান দিয়েছিল। সেগুলো মিমাংসা করে আবার প্রকল্প দেয়া হয়েছে। তবে তিনি বলেন, এডিপির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কিছু জটিলতা তৈরি হয়েছে।