প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করছেন
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৭
সাবেক মন্ত্রী ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করছেন। পদ্মাসেতু, শেয়ার বাজার ও হলমার্ক কেলেঙ্কারীর সাথে জড়িত মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি তাদের পক্ষেই সাফাই গাইছেন। সরকারের সাথে সুর মিলিয়ে দুর্নীতি দমন কমিশনও ওইসব দুর্নীতিবাজ মন্ত্রীদের পক্ষে কথা বলছেন। আপনাদের স্মরণ করে দিচ্ছি, এসব করে আপনারা রেহাই পাবেন না। বাংলার মুক্তিকামী জনগণ এসব প্রতিহত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় মাথাচাড়া দিয়ে উঠবে। সেই দিন আর বেশি দূরে নয়। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জেএসডি-র সম্মেলনে গত বুধবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেএসডি-র কেন্দ্রীয় নেতা বেগম তানিয়া রব ও জেলা জেএসডি-র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন। উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নীরবের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি নুরনবী চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, মাস্টার আলতাফ হোসেন ও খোরশেদ আলম প্রমুখ।