গাজীপুরে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু আটক সাত

গাজীপুরের পূবাইলের ডেমরপাড়ায় গত বুধবার গণপিটুনিতে এক ডাকাত নিহত এবং সাত ডাকাত গুরুতর আহত হয়েছে। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৩টার দিকে একদল ডাকাত গাজীপুর জেলা সদরের পূবাইলের ডেমরপাড়া গ্রামের প্রাণকৃষ্ণ মণ্ডলের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার এবং অন্য জিনিসপত্র লুট করে। এ সময় ডাকাতদের হামলায় প্রাণকৃষ্ণ মণ্ডলের ছেলে প্রণয়কৃষ্ণ মণ্ডল আহত হন। পরে ডাকাত দল পাশের বিলাসরা গ্রামের শফিকুল ইসলাম কাঞ্চনের বাড়িতে হানা দিলে প্রাণকৃষ্ণের বাড়ির লোকজন চিত্কার শুরু করে। এতে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেললে আট ডাকাত ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আটক ডাকাতদের জয়দেবপুর-পূবাইল সড়কের বিলাসরা মসজিদের সামনে নিয়ে এলে তারা গণপিটুনির শিকার হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে পূবাইল পুলিশ ফাঁড়ির পুলিশ এসে আটক ডাকাতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল সোয়া ৯টার দিকে অজ্ঞাত পরিচয় এক ডাকাত মারা যায়। অন্য ডাকাতরা হলো নরসিংদীর গোপালদি গ্রামের ফারুক, নারায়ণগঞ্জের আড়াইহাজারের শরিফ হোসেন, আক্তার হোসেন (ডাকাত সরদার), আল আমিন, রনি, মোহাম্মদ আলী ও মনির। স্থানীয় লোকজন আটক ডাকাতদের কাছ থেকে চারটি রাম দা, আটটি ককটেলসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছে। পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী জানান, নিহত ডাকাতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।