স্যান্ডি দুর্গতদের জন্য সাহায্য

ওবামা কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার চাইতে পারেন

যুক্তরাষ্ট্রে স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাইতে পারেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। অতিরিক্ত জরুরি সহায়তা হিসেবে এই অর্থ চাওয়া হবে বলে জানা গেছে। খবর বিবিসির। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওবামা প্রশাসন বর্তমানে সহায়তার বিষয়টি নিয়ে কাজ করছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এক্ষেত্রে কংগ্রেসে ৪৫ থেকে ৫৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ প্রত্যাশা করা হতে পারে। এ নিয়ে কংগ্রেসে উত্তেজনা বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কংগ্রেসের বিরোধী রিপাবলিকান সদস্যরা জানিয়েছেন, সহায়তার পরিমাণ যাই হোক না কেন তা যেন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। গত অক্টোবরে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় স্যান্ডি কয়েকটি শহরে আঘাত হানে। এতে ১২০ জন নিহত এবং বাড়ি ছাড়তে হয় কয়েক লাখ লোককে। এখনো কয়েক হাজার মানুষ তাদের ঘরে ফিরতে পারেননি বলে জানা গেছে। হোয়াইট হাউজ কর্মকর্তা শন দনোভান বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কংগ্রেসের জরুরি সহায়তার বিষয়টিতে সিদ্ধান্তে আসা উচিত। মঙ্গলবার ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ক্রেইগ ফিউগেট বলেন, দুর্যোগ মোকাবেলায় এখন পর্যন্ত ৪ দশমিক ৮ বিলিয়নের সমপরিমাণ অর্থ রয়েছে যা দিয়ে আগামী বছর পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়া যাবে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর এ পর্যন্ত ১১টি স্টেটে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে।