প্রযুক্তি উত্সবে আলো ছড়াচ্ছে দেশে তৈরি ১৭ যন্ত্র-মানব
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৯
ঢাকায় শুরু হয়েছে তিন দিনের প্রযুক্তি প্রদর্শনী ও সম্মেলন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’। সন্মেলনে ৩৫ দেশের প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন। বিভিন্ন সেবা ও প্রযুক্তি পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছে দেশি-বিদেশি ৬০টি বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারের ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ল্যাপটপে ক্লিক করে এই প্রযুক্তি উত্সবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আন্তর্জাতিক এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সমৃদ্ধির জন্য জ্ঞান’। সম্মেলনে চলছে প্রযুক্তি জ্ঞান বিনিময় এবং প্রযুক্তি আমাদের জীবনকে কতটা প্রভাবিত করছে তারই প্রাঞ্জল উপস্থাপনা। এছাড়া সন্মেলনে আলো ছড়াচ্ছে দেশে তৈরি ১৭টি যন্ত্র-মানব (রোবট)।
উদ্বোধনী বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিজয়ের মাসে এই আয়োজন সরকারের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই প্রদর্শনী অনেক বড় ভূমিকা পালন করবে। তিনি বলেন, সোনার বাংলা গড়ে তোলার জন্য দেশকে ডিজিটাল হিসাবে গড়ে তোলার বিকল্প নেই। সরকার দেশের প্রতিটি মানুষের হাতের নাগালে ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রযুক্তির উন্নয়নে মহাজোট সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, শিক্ষা ক্ষেত্রে সরকার ডিজিটাল ক্লাস রুম, ই-বুক, কম্পিউটার শিক্ষাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ চালু করা আমাদের সরকারের উল্লেখযোগ্য কাজ বলে তিনি দাবি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব এ. ওয়াজেদ । তিনি বলেন, সারা দেশে আগামী এক বছরের মধ্যে থ্রিজি সেবা পৌঁছে দেয়া হবে। দেশে প্রতিবছর সাত হাজার আইটি প্রকৌশলী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্রে প্রবেশ করছে বলে তিনি জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। সবার আগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে ডিজিটাল হিসাবে গড়ে তুলতে হবে। সম্মেলনে আন্তর্জাতিক আউটসোর্সিং প্রতিষ্ঠান ওডেস্কের পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান পারসাউথ ধারণকৃত ভিডিওতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
উদ্বোধনী পর্বের পর সাধারণ দর্শনার্থীদের জন্য প্রযুক্তি প্রদর্শনী প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয়। প্রথম দিনই তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীতে ই-ভোটিং, অনলাইনে রেলের টিকিট ক্রয়, কর দেয়া, টেলি চিকিত্সা, ইউনিয়ন তথ্য সেবা কেন্দে র পরিষেবা ছাড়াও সাইবার নিরাপত্তা এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সেবা সম্পর্কে দর্শনার্থীদের অবগত করা হচ্ছে।