উন্নত চিকিত্সার জন্য লিমন ঢাকায়
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:২০
র্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ার কলেজছাত্র লিমন হোসেনের কানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিত্সার জন্য ঝালকাঠি থেকে গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছেছেন। বরিশালে চিকিত্সায় কানের অবস্থার উন্নতি না হওয়ায় চিকিত্সকরা তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় চিকিত্সার জন্য পরামর্শ দিয়েছেন।
গত ঈদুল ফিতরের দিন বিকালে র্যাবের কথিত সোর্স লিডার ইব্রাহিমের হামলায় লিমনের বাম কানের পর্দা ফেটে যাওয়ায় লিমনের ওই কানে শোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গতকাল সকালে ঝালকাঠি থেকে লঞ্চযোগে লিমন এবং তার মা হেনোয়ারা বেগম ঢাকায় পৌঁছেছেন। নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপালের কাছে লিমন কানের চিকিত্সা নেবেন।
লিমন বলেন, ‘বেশ কিছু দিন ধরে কান থেকে পানিপড়া বন্ধ হলেও কানে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। বাম কানে একদমই শুনছি না। বরিশালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. আব্দুর রউফ আমাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় আসার পরামর্শ দিয়েছেন।’
লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ‘কানের প্রচণ্ড ব্যথায় লিমন দিন-রাত কাতরাচ্ছে। তাই ধার-দেনা করে ভালো ডাক্তার দেখানোর জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি। তা না হলে পায়ের মতো ওর কানটিও হারাতে হবে।’
উল্লেখ্য, গত ২০ আগস্ট ঈদের দিন বিকালে ঈদ শেষে গ্রামের বাড়ি সাতুরিয়া থেকে কাউখালীর ভাড়া বাসায় যাওয়ার পথে র্যাবের কথিত সোর্স একই এলাকার ইব্রাহিম হাওলাদার ওরফে লিডার ইব্রাহিম হামলা চালিয়ে লিমন হোসেন, তার মা হেনোয়ারা বেগম এবং ভাই সুমনকে আহত করেন। হামলায় লিমনের বাম কানের পর্দা ফেটে যায়।