মুজিবনগরে চরমপন্থি দলের ৩ সদস্য খুন

জেলার মুজিবনগর উপজেলার তারানগর-রতনপুর গ্রামের টুপলার বিল এলাকায় মুজিবনগরে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্িটর সন্ত্রাসীরা দলের ৩ সদস্যকে গলা কেটে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাদের লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জানান, গতকাল স্থানীয়রা তারানগর গ্রামের আজমত আলীর ছেলে রবি (৩০) ও জয়পুর গ্রামের আফাল মন্ডলের ছেলে হিরু মন্ডল (২৮) এবং অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও গুলি উদ্ধার করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানায়, নিহত তিন জনই পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি চরমপন্থি দলের সদস্য ছিল। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড। তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক হত্যা, সন্ত্রাসীমূলক, চাঁদাবাজি, বোমা হামলার মামলা রয়েছে।