খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থক চার পরিবারকে উচ্ছেদের অভিযোগ

জেলার মানিকছড়ি উপজেলার দোজরী ও মহিষখালী গ্রাম থেকে সন্ত্রাসীরা ইউপিডিএফের চার কর্মীকে সপরিবারে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করেছে বলে অভিযোগ করেছে ইউপিডিএফ। এরা হলেন ইউপিডিএফ সদস্য শ্রুতি মোহন চাকমার স্ত্রী আলপনা চাকমা ও তার দুই মেয়ে, অশোক কুমার চাকমার স্ত্রী সোনারাণী চাকমা ও তার দুই ছেলে, বিজয় চাকমার স্ত্রী গুড়িমিলা চাকমা, তার ২ ছেলে ও এক মেয়ে এবং গোপাল চাকমার স্ত্রী সোনালী চাকমা ও তার এক ছেলে ও এক মেয়ে। অভিযোগে বলা হয় যে, তাদের স্বামীরা ইউপিডিএফের কাজ করে এই অপরাধে তাদেরকে ঘরবাড়ি-ছাড়া করা হয়েছে। এছাড়াও সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এলাকায় খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও নানা অপকর্ম সংঘটিত করে আসছে; কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে বরং আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। ফলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে নানা ধরনের অপকর্ম করতে উত্সাহী হয়ে উঠেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপ চাকমা আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে উক্ত ঘটনাকে ‘প্রতিহিংসাপরায়ণতার চূড়ান্ত বহিঃপ্রকাশ’ উল্লেখ করে নিন্দা জানান। এব্যাপারে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জানান, এধরনের কোনো সংবাদ সম্পর্কে থানা অবহিত নয়, তাছাড়া এবিষয়ে কোনো অভিযোগও এখন কোনো পক্ষ থেকে পাওয়া যায়নি।