জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করছে গম্ভীরা
মো. তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ থেকে
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ১৮:৫০
শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতার পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান। নানা-নাতির কথোপকথনের মধ্য দিয়ে এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও দায়িত্ব পালনে সজাগ হচ্ছেন। ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি জনসচেতনতামূলক এ কাজটি করছে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)।
সমপ্রতি এমএমসি’র ব্যবস্থাপনায় ও সিটিজেন ভয়েস ফর ইমপ্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস (সিভিআইপিএস প্রকল্পের আওতায় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে হোল্ডিং ট্যাক্স বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এমএমসি পরিচালিত স্থানীয় যুবক সদস্যদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন এমএমসি’র আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান। হোল্ডিং ট্যাক্স প্রদান করে উন্নত সেবা গ্রহণের জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন আব্দুর রাজ্জাক, মেহেরুন নেসা, মেহরা, শামিম আরা সমি ও শিশু শিল্পী মেঘলা। এরপর চাঁপাইনবাবগঞ্জ গম্ভীরা দলের হোল্ডিং ট্যাক্স বিষয়ক গম্ভীরা গান পরিবেশন করা হয়। নানা খাইরুল ইসলাম ও নাতি আব্দুর রাজ্জাকের অনবদ্য পরিবেশনায় উপস্থিত দর্শক শ্রোতারা বিনোদনের পাশাপাশি জানতে পারেন, হোল্ডিং ট্যাক্স কি এবং কেনইবা তা প্রদান করা হবে। হাসি ঠাট্টার মধ্যদিয়ে জনসাধারণকে বুঝিয়ে দেয়া হয় ইউনিয়ন পরিষদ থেকে উন্নত সেবা পেতে হলে প্রাণের এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন এমএমসি’র মনিটরিং এন্ড এভালুয়েশন অফিসার মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আজিজুর রহমান শিশির, সাধারণ সম্পাদক রবিউল হাসান ডলার, নির্বাহী সদস্য ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, স্থানীয় ইয়ুথ গ্রুপের সভাপতি আহসান হাবিব সুজন, সাধারণ সম্পাদক তৌহিদুল হক তুহীন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন একরামুল হক।