২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

অনুশীলনী - ০১ বরিশাল মেডিক্যাল কলেজের সামনে জনাব রফিকের একটি ঔষুধের দোকান আছে। তার দোকানে দুইজন বিক্রয়কর্মী আছে। তিনি ঢাকার মিটফোর্ড এবং স্থানীয় পাইকারি ব্যবসায়ীদের নিকট থেকে ঔষধ ক্রয় করে বিক্রি করে থাকেন। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধির মাধ্যমেও ঔষধ ক্রয় করেন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় তার ব্যবসায় বেশ ভাল চলছে। জ্ঞানমূলক : ক. খুচরা ব্যবসায় কী? অনুধাবনমূলক : খ. খুচরা ব্যবসায়ের উল্লেখযোগ্য ২টি কাজ বর্ণনা কর। প্রয়োগমূলক: গ. পণ্যের বণ্টন প্রণালিতে জনাব রফিকের অবস্থান চিহ্নিত কর। উচ্চতর দক্ষতামূলক : ঘ. রফিক সাহেবের ব্যবসায়ের স্থান নির্বাচনের যৌক্তিকতা মূল্যায়ন কর। প্রশ্ন ক এর উত্তর : পাইকার বা উত্পাদনকারীর নিকট থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তাদের নিকট বিক্রয় করার সাথে জড়িত কাজগুলোকে খুচরা ব্যবসায় বলে। প্রশ্ন খ এর উত্তর : খুচরা ব্যবসায়ের উল্লেখযোগ্য ২টি কাজ নিম্নে বর্ণনা করা হলো- ১.বিক্রয় : ভোক্তাদের নিকট পণ্যদ্রব্য বিক্রি করা খুচরা ব্যবসায়ের অন্যতম কাজ। বিক্রয়ে সফলতা নিশ্চিত করার জন্য খুচরা ব্যবসায়ীকে আদর্শ বিক্রয়ীকতার উন্নয়ন ঘটাতে হবে। আদর্শ বিক্রয়কর্মী পণ্যেরগুণাবলী ও উপযোগিতা তুলে ধরে ভোক্তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করবে। খুচরা ব্যবসায়ী নিজেই অথবা বিক্রয়কর্মী নিয়োগ করে বিক্রয় কাজ সম্পন্ন করে থাকে। ২.মূল্য নির্ধারণ : সংগৃহীত মালের খুচরা মূল্য নির্ধারণ করা খুচরা ব্যবসায়ীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সচরাচর ক্রীত মালের ওপর খরচাদি ও নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে মূল্য উত্পাদক কর্তৃক নির্দেশিত মূল্য নির্ধারণ নীতি অনুসরণ করা হয়। সাবান, প্রসাধনী দ্রব্যাদি, ঔষধপত্র ইত্যাদির মূল্য নির্ধারণের ক্ষেত্রে এরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশ্ন গ এর উত্তর :জনাব রফিক বরিশাল মেডিক্যাল কলেজের সামনে একটি ঔষুধের দোকান পরিচালনা করেন। তিনি ঔষুধের পাইকারি বাজার ঢাকার মিটফোর্ড এবং স্থানীয় পাইকারি ব্যবসায়ীদের নিকট থেকে ঔষুধ ক্রয় করে সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করে থাকেন। অর্থাত্ জনাব রফিক একজন খুচরা ঔষুধ ব্যবসায়ী। ঔষুধ ক্রয়ের ক্ষেত্রে তিনি বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিদেরকেও উত্সাহ হিসেবে ব্যবহার করেন। অতএব, পণ্যের বণ্টন প্রণালিতে জনাব রফিকের অবস্থান পাইকার ও ভোক্তাদের মধ্যবর্তী স্থানে। নিম্নে ছকে জনাব রফিকের ব্যবসায়ের অবস্থান দেখানো হলো- সুতরাং পাইকার ও ভোক্তার মাঝে সংযোগ স্থাপনকারী বা মধ্যস্থতাকারী হিসেবে জনাব রফিক ব্যবসায় পরিচালনা করেন। প্রশ্ন ঘ এর উত্তর খুচরা দোকানের স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো চিন্তা-ভাবনা না করে যেখানে সেখানে খুচরা দোকান খোলা ঠিক নয়। সাধারণত এক এক ধরনের খুচরা দোকান শহরের এক এক এলাকায় বা মার্কেটের এক একদিকে অবস্থিত হয়ে থাকে। এর ফলে ক্রেতারা আশপাশের দোকান ঘুরে ফিরে তাদের পছন্দসই জিনিস কিনতে পারে। তাছাড়া কোনো স্থানে খুচরা দোকান স্থাপন করতে হলে সে স্থানের জনসংখ্যা, ভোক্তাদের রুচি, যাতায়াত সুবিধা ইত্যাদি বিবেচনা করতে হয়। জনাব রফিক তার ঔষুধের খুচরা ব্যবসায়টি বরিশাল মেডিক্যাল কলেজের সামনে স্থাপন করেছেন। ঔষুধ একটি অতি প্রয়োজনীয় পণ্য। রোগীর রোগ নিরাময় ও জীবন বাঁচাতে এ পণ্যটি জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়। তাই দেখা যায় সাধারণত হাসপাতাল, নার্সিং হোম ইত্যাদির সামনে অথবা ভোক্তা সাধারণের খুব নিকটে এগুলো স্থাপন করা হয়। জনাব রফিক এক্ষেত্রে ব্যতিক্রম করেন নি। তিনি ভোক্তার চাহিদা, সুবিধা ইত্যাদি বিবেচনায় মেডিক্যাল কলেজের সামনেই ব্যবসায় স্থাপন করেছেন, যাতে প্রয়োজনে খুব দ্রুত ভোক্তারা পণ্য ক্রয় করতে পারে। জীবনরক্ষাকারী পণ্য হিসেবে ঔষুধের দোকান অধিক সময় এমনকি চব্বিশ ঘণ্টা খোলা রাখা হয়। অতএব, বলা যায়, জনাব রফিকের ব্যবসায় প্রতিষ্ঠাটির স্থান নির্বাচন সঠিক হয়েছে। অনুশীলনী - ০২ আমজাদ হোসেন একজন খুচরা ব্যবসায়ী। পুরানা পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনে তার একটি অস্থায়ী ফলের দোকান আছে। বিভিন্ন মৌসুমে সে বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে। প্রতিদিন সাকালে সে বাদামতলীর পাইকারদের কাছ থেকে ফল কিনে এনে খুচরা বিক্রয় করে। সে ক্রেতাদের রুচি, পছন্দ, ক্রয়ক্ষমতা, পণ্যমান ইত্যাদি বিবেচনায় বিভিন্ন আড়তে ঘুরে ঘুরে ফলগুলো কিনে থাকে। তার দোকানের সুনামের কারণে কতিপয় ক্রেতা নিয়মিত গ্রাহক পরিণত হয়েছে। তার ব্যবসায়টি ছোট হলেও মুনাফার পরিমাণ বেশ ভালো। জ্ঞানমূলক :ক. খুচরা ব্যবসায় কত প্রকার? অনুধাবনমূলক খ. আমজাদ হোসেনের বিভিন্ন আড়তে ঘুরে ঘুরে ফল ক্রয়ের কারণ কী? প্রয়োগমূলক :গ. তুমি যদি আমজাদ হোসেনের মতো খুচরা ব্যবসায়ী হতে চাও তবে কী কী পদক্ষেপ গ্রহণ করবে? উচ্চতর দক্ষতামূলক ঘ. যেকোনো খুচরা ব্যবসায়ের জন্য স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়-আলোচনা কর। প্রশ্ন ক এর উত্তর খুচরা ব্যবসায় তিন প্রকার। প্রশ্ন খ এর উত্তর আমজাদের বিভিন্ন আড়তে ঘুরে ঘুরে ফল ক্রয়ের কারণ হলো- সে ক্রেতাদের রুচি, পছন্দ ক্রয়ক্ষমতা, পণ্যমান ইত্যাদি বিচার বিবেচনা করে উত্তম বা অপেক্ষাকৃত ভালো পণ্য ক্রয় করতে চায়। কেননা খুচরা ব্যবসায়ীদের সফলতা তার ক্রয় দক্ষতার ওপর অনেকটা নির্ভর করে। পণ্য ক্রয়ের সময় তাকে পণ্যের মান, ক্রেতাদের রুচি, তাদের ক্রয়ক্ষমতা ইত্যাদি বিবেচনা করতে হয়। তাকে উত্তম উত্স থেকে সুবিধাজনক মূল্যে উত্কৃষ্ট পণ্য ক্রয় করতে হয়। পরবর্তী অংশ আগামীকাল