‘ঢাকা’ প্রসঙ্গে জুহি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:০৮
কথা মতো সকালেই ঢাকায় পৌঁছে জুহি চাওলা একেবারে নিজের মতো করে আয়োজকদের সাথে গুলশানের কিছু মার্কেট ঘুরে দেখেন। নিজের বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘আমি আমার পরিচিত বন্ধুদের কাছ থেকে বেশ কিছু গল্প শুনেছি। এবারে আমার সুযোগ পেলাম, তাই আর মিস করি নি। এয়ারপোর্ট থেকে আসার পথে চারপাশে সুসজ্জিত বাংলাদেশ দেখে খুবই ভালো লাগল। আর আসার পরে তো খাওয়ার ওপরেই আছি। তবে যে ক’জনের সাথে কথা হলো, তাদের কথা শুনে মনে হলো এখানেকার প্রত্যেকেই আমাদের ছবির ভক্ত। আমার এত এত ছবি আমি নিজেই নাম মনে রাখতে পারি না। অথচ এক ভদ্রলোক আমার সব ছবির চরিত্র নিয়ে কথা বলল। একজন অবশ্য রসিয়ে আমিরের সাথে আমার সম্পর্কের কথাও চাইল, হাহাহা।’
বলিউড সুপারস্টারের হঠাত্ ঢাকা সফরে এভাবেই প্রতিবেদকের সাথে কিছুক্ষণ অকপটে কথা বলেন জুহি চাওলা। গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় আসেন বলিউড সুপারস্টার জুহি চাওলা। বিকাল ৫টায় তিনি আধুনিক ফ্যাশনের বৈচিত্র্যপূর্ণ সম্ভার নিয়ে আসা নেহা ফ্যাশন মল উদ্বোধন করেন। এ সময় অনেক আগ্রহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মানুষের আধুনিক রুচির সাথে মিল রেখেই এই উদ্যোগ। আর এ কারণেই আমাদের সবার প্রিয় জুহিকে নিয়ে আসার পরিকল্পনা করি। তিনি নিজেও এত সুন্দর সুসজ্জিত মার্কেট দেখে মুগ্ধ হয়েছেন।’