অভিনেত্রী মীম-এর বিয়ে সম্পন্ন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:১০
বিয়ে করলেন সাবেক নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন সাবরিন সাকা মীম। পাত্র ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাহরিয়ার আহমেদ সজীব। গত ৫ ও ৬ ডিসেম্বর গায়ে হলুদের পর্ব পেরিয়ে গতকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেন মীম। গতকাল মীমের বেইলি রোডস্থ বসায় এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বেশ জাকজমকপূর্ণভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মীম বলেন, ‘নতুন সংসার শুরু হচ্ছে আজ থেকে, নতুন জীবনও বটে। আমি সবার কাছে দোয়া চাইছি যেন, সামনের দিনগুলো সুখে শান্তিতে মিলে-মিশে কাটাতে পারি। মূল কথা যেন সুখী হতে পারি। এই বিয়েতে উভয় পরিবারের অভিভাবকরা খুশি। ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব খুশি।’ বর প্রসঙ্গে মীম বলেন, ‘সজীব ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে এখন আইসিডিডিআরবিতে রিসার্চ বিভাগে কাজ করছে। অল্প কয়েকদিনে যা বুঝে মানুষ হিসেবে খুবই ভালো। আমার পরিবারের সবাই তাকে বেশ পছন্দ করে।’