ইংলিশ প্রিমিয়ার লিগ ফিরতে মরিয়া চেলসি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
সত্যিকার অর্থেই সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির জন্য। মৌসুমে দুর্দান্ত সূচনার পর চ্যাম্পিয়ন্স লিগের বাজে পারফরমেন্স; রবার্তো ডি ম্যাত্তিও’র চাকরি হারানো, ইংলিশ প্রিমিয়ার লিগের দুর্দশা সব মিলিয়ে হতাশা গ্রাস করেছে দলটিকে। নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত কোন জয়ের দেখা না পাওয়া দলটির লক্ষ্য আজ জয় নিয়ে হতাশাকে মাটি চাপা দেয়া। স্টেডিয়াম অব লাইট স্টেডিয়ামে ব্লুজ দলের প্রতিপক্ষ স্বাগতিক স্যান্ডারল্যান্ড।
চ্যাম্পিয়ন্স লিগে বাজে পারফরমেন্সের জের ধরে চেলসি দলের কোচ রোমান আব্রামোভিচ বরখাস্ত করেন রবার্তো ডি ম্যাত্তিওকে। অথচ, এই কোচের অধীনেই ঠিক ছয় মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ের আনন্দে মেতেছিল চেলসি। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে থাকা সাবেক লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজের সাফল্য বলতে গত ম্যাচে দুর্বল দল নরশেলানকে ৬-১ গোলে হারানো। তবে, ঠিক গত ম্যাচের এই জয়েও কপাল খুলেনি চেলসি’র। ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হল তাদের।
আজকের ম্যাচটি চেলসি দলের জন্য তাই নিজেদেরকে ফিরে পাওয়ার লড়াই। মৌসুমের শুরুতে বেশ খানিকটা সময় পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিল ব্লুজরা। তবে, সেই স্থান থেকেও বিচ্যুতি ঘটেছে তাদের। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন তাদের অবস্থান তৃতীয় স্থানে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল ম্যানচেস্টার ইউনাইটেড তাদের থেকে ১০ পয়েন্ট এগিয়ে। দ্বিতীয় স্থানে অবস্থান করছে গতবারের শিরোপা জয়ী দল ম্যানচেস্টার সিটি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩।
অ্যাওয়ে ম্যাচে চেলসি দলের প্রতিপক্ষ স্যান্ডারল্যান্ডের পয়েন্ট ১৪ ম্যাচে মাত্র ১৩। মৌসুমে গোল সংখ্যা মাত্র ১৪। তাই ফেরার লড়াইটা সহজ হচ্ছে লন্ডনের ক্লাবটির জন্য। এটাকে সৌভাগ্য মানতেই পারেন কোচ রাফায়েল বেনিতেজ।
চেলসি দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ম্যাচেও আগের ফর্মেশনেই খেলবে তারা। দলের সদস্য স্ট্রাইকার ফার্নান্দো টোরেস জানিয়েছেন, দুর্দশা কাটিয়ে উঠতে তার এবং তার দলের আরো কিছুটা সময় দরকার। ডেইলি মিররকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি আর মাতা অনেক দিন ধরে দলের সাথে আছি। এই ধরনের সময়ের মধ্যে দিয়ে আমরা আগেও গিয়েছি। তবে, দলে হ্যাজার্ড ও অস্কারের মতো নতুন তারকা খেলোয়াড় আছে। তারা দলে নতুন, তাই সময়টার সাথে তারা পরিচিত নয়। সমস্যা কাটিয়ে উঠতে আমাদের এই কারণে আরো কিছু সময় দরকার। আমাদের উন্নতির আরো জায়গা আছে। সেখানে আমাদের সচেতন হওয়া দরকার।’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে গোল করে দলের জয়ে ভূমিকা রাখা টোরেস আরো বলেন, ‘এই মৌসুমে আমাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী। তারা ভালো ভাবেই দায়িত্ব পালন করে যাচ্ছে। আর মাঝমাঠে বেশ ভালো কিছু খেলোয়াড়ের সমন্বয় ঘটেছে আমাদের দলে। শুধু এখন আক্রমণভাগের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তাই সব মিলিয়ে দলের ছন্দ ফিরে আসতে আরো কিছু সময় দরকার।’ এই ম্যাচ ছাড়াও আজ অনুষ্ঠিত হবে আরো পাঁচটি ম্যাচ। ম্যাচগুলোতে মুখোমুখি হবে, আর্সেনাল - ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন, অ্যাস্টন ভিলা - স্টোক সিটি, সাউদাম্পটন - রিডিং রয়ালস, সোয়ানসি সিটি - নরউইচ সিটি, উইগ্যান অ্যাথলেটিক - কুইন্স পার্ক রেঞ্জার্স।
আজকের খেলা
আর্সেনাল - ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন
অ্যাস্টন ভিলা - স্টোক সিটি
সাউদাম্পটন - রিডিং রয়ালস
স্যান্ডারল্যান্ড - চেলসি
সোয়ানসি সিটি - নরউইচ সিটি
উইগ্যান অ্যাথলেটিক - কুইন্স পার্ক রেঞ্জার্স