মুক্তিযুদ্ধের প্রেরণায় ঢালী
আল মামুনের শিল্প প্রদর্শনী
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
মুক্তিযুদ্ধ এক অনন্ত প্রেরণার উত্স। আজও শিল্পীরা তাদের চর্চায় মুক্তিযুদ্ধকে নানা আঙ্গিক থেকে অন্বেষণ করে চলেছেন। মানুষের প্রতিরোধ, গণহত্যা, সম্মুখযুদ্ধ প্রতিটি ভিন্ন ভিন্ন দ্যোতনা নিয়ে উপস্থিত হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের শিল্পীদের কাছে। শিল্পী ঢালী আল মামুনের কাজে আবারো মুক্তিযুদ্ধ এক ভিন্ন আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে দেখা গেল। গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে বৃহস্পতিবার শুরু হয়েছে শিল্পী ঢালী আল মামুনের ‘অপনয়ন’ শীর্ষক একক স্থাপনাকর্ম এবং ড্রইং প্রদর্শনী।
প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী ঢালী আল মামুন বলেন, অপনয়নের ভাবনাটা গড়ে উঠেছে একটি জেনোসাইডকে কেন্দ্র করে। এর মূলসূত্র ১৯৭১। পরবর্তীকালে কাজ করতে গিয়ে এই ভাবনার সম্প্রসারণ ঘটেছে, বিষয়টি নির্দিষ্ট গতিতে সীমাবদ্ধ থাকেনি; বরং তার পরিধি বেড়ে গেছে। নতুন মাত্রাও পেয়েছে। বিষয় তখন আর সরল থাকেনি, কোন একক অর্থ নির্মাণেও আবদ্ধ নয়। মুক্তিযুদ্ধই এই স্থাপনাকর্মের মূল প্রেরণা। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা এবং শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডওয়ার্ড কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস এন্ড দি আর্টসের পরিচালক এম কে আরেফ।
প্রদর্শনীতে ৪ টি স্থাপনাকর্ম এবং ভাস্কর্য এবং ৪৪ টি ড্রইং প্রদর্শিত হয়। প্রদর্শনী আগামী ৬ জানুয়ারি ২০১৩ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এই প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে এডওয়ার্ড কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস এন্ড দি আর্টস। প্রদর্শনীর কিছু শিল্পকর্ম এডওয়ার্ড কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস এন্ড দি আর্টসে স্থান পেয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী ১৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘১৯৭১’
তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘১৯৭১’। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে একাত্তরে পাকবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা, নারী নির্যাতন, শরণার্থীদের দুরবস্থা, মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষা ও বীরত্বগাথাসহ মুক্তিযুদ্ধের নানা রাজনৈতিক ঘটনা।
বৃহস্পতিবার হেমন্তের সন্ধ্যায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির ডিভিডি’র মোড়ক উন্মোচিত হলো। ডিভিডি উন্মোচন করেন প্রাবন্ধিক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রের পরিচালক তানভীর মোকাম্মেল। প্রামাণ্যচিত্রটিতে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ১৭৬ জনের সাক্ষাত্কার নেয়া হয়েছে।