দেশকে শিল্পসমৃদ্ধ করতে মেধাবী কেমিস্টদের কাজে লাগানোর তাগিদ

শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের মেধাবী রসায়নবিদদের কাজে লাগাতে হবে। এলক্ষ্যে প্রকৌশলী, ডাক্তারসহ অন্য পেশাজীবীদের মতো কেমিস্টদের জন্যও একই ধরনের সামাজিক মর্যাদা এবং প্রণোদনার ব্যবস্থা করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। তারা দেশের রাসায়নিক সার কারখানাগুলোতে দ্রুত দক্ষ কেমিস্ট নিয়োগ এবং বিশ্বমানের রাসায়নিক গবেষণাগার স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে তারা রসায়নবিদদের সাথে বিভিন্ন কারখানার কার্যকর অংশীদারিত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেন। ‘টেকসই উন্নয়নের জন্য রসায়ন’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সংগঠনের ৩৫তম বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল থেকে তিনদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শিল্পমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পরিবেশবান্ধব রাসায়নিক সার উদ্ভাবনে রসায়নবিদদের এগিয়ে আসতে হবে। বিশ্বব্যাপী রসায়ন শাস্ত্রের ব্যাপক অগ্রগতির ফলে পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি উত্পাদন, নিরাপদ পানির সংস্থান এবং ওষুধ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সুফল কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে রসায়নবিদদের কার্যকর সম্পর্ক স্থাপনের পরামর্শ দিয়ে তিনি বলেন, জ্ঞানভিত্তিক শিল্পায়নের জন্য রসায়নবিদদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে প্রায়োগিক গবেষণা জোরদার অপরিহার্য। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সোসাইটির সাধারণ সম্পাদক ড. হোসনা পারভীন নূর, ড. মোঃ আবদুল জব্বার আলোচনায় অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মশিউজ্জামান। সম্মেলনে জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান, নরওয়ে, নেপাল, তুরস্ক, ও যুক্তরাজ্যের ২৩ জন খ্যাতনামা রসায়নবিদসহ দেশি-বিদেশি প্রায় সাতশ‘ রসায়নবিদ অংশ নিচ্ছেন। সম্মেলনের বিভিন্ন কারিগরি অধিবেশনে রসায়ন শাস্ত্রের সর্বশেষ আবিষ্কার ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।