ভারতের সঙ্গে সম্পর্ক রক্তে গড়া :পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকে তখনই প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী এই দুই মহান নেতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের যে সম্পর্কের শুরু তা রক্ত দিয়ে গড়া। বৃহস্পতিবার বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৪১তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপে¬ামা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি অধ্যাপক মুনতাসির মামুন, মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী,অধ্যাপক মোহাম্মদ সেলিম প্রমুখ। বক্তারা সার্বিক মুক্তিযুদ্ধে ভারতের নানামুখি সহযোগিতার কথা স্মরণ করে সীমান্তে নাগরিক হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এটি অবিলম্বে বন্ধ হওয়া জরুরি বলেও তারা অভিমত ব্যক্ত করেন।